ভোররাতের নীরবতা ভেঙে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় তখন মহাকাশ অভিযানের ব্যস্ততা। ৪ সেপ্টেম্বর (শুক্রবার) ভোর ২টা ৫৫ মিনিটে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর জিএসএলভি-এফ১৭ রকেট সফলভাবে উৎক্ষেপণ করা হয়।
প্রায় ১৮ মিনিট পর রকেটটি ইওএস-০৫ নামে অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহকে নির্ধারিত সাব-জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার কক্ষপথে স্থাপন করে।
এই সাফল্যের পেছনে কাজ করেছেন ইসরোর প্রায় ১৬ হাজার ৫০০ বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিকর্মী।
উৎক্ষেপণের আগে শ্রীহরিকোটার মিশন নিয়ন্ত্রণকক্ষ, উৎক্ষেপণ কেন্দ্র এবং দেশের বিভিন্ন প্রান্তের ট্র্যাকিং স্টেশনে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল। সফল উৎক্ষেপণের খবর আসার পর নিয়ন্ত্রণকক্ষে বিজ্ঞানী ও প্রকৌশলীদের মধ্যে দেখা যায় স্বস্তি ও উচ্ছ্বাস।
বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং এই সাফল্যকে ভারতের মহাকাশ অভিযানে ‘আরেকটি বড় লাফ’ হিসেবে উল্লেখ করে ইসরোর পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন।
ইওএস-০৫ ভারতের প্রথম জিওসিঙ্ক্রোনাস কক্ষপথভিত্তিক ইমেজিং উপগ্রহ।
ইসরোর তথ্য অনুযায়ী, এটি পৃথিবী পর্যবেক্ষণের জন্য তৈরি অত্যাধুনিক একটি উপগ্রহ, যা দৃশ্যমান আলো, অবলোহিত, মাল্টি-স্পেকট্রাল ও হাইপারস্পেকট্রালসহ বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে উন্নত মানের ছবি সংগ্রহ করতে পারবে।
ইসরোর জন্য এই সাফল্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এর আগে ২০২৫ সালের ১৮ মে পিএসএলভি-সি৬১ এবং ২০২৬ সালের ১২ জানুয়ারি পিএসএলভি-সি৬২ পরপর ব্যর্থ হয়েছিল। দুই উৎক্ষেপণেই তৃতীয় ধাপে সমস্যা দেখা দেয়। ফলে ইসরোর দীর্ঘদিনের নির্ভরযোগ্য পিএসএলভি নিয়ে প্রশ্ন ওঠে এবং কারণ খুঁজতে তদন্ত ও প্রযুক্তিগত পর্যালোচনা শুরু হয়।
বর্তমানে পিএসএলভির পরবর্তী উৎক্ষেপণ স্থগিত রেখে প্রকৌশলীরা বিভিন্ন পরীক্ষা ও সংশোধনমূলক কাজ চালিয়ে যাচ্ছেন। আগের ব্যর্থতাগুলোর ক্ষেত্রে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। রকেট উৎক্ষেপণ অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ প্রযুক্তি হওয়ায় নিয়মিতভাবে মহাকাশে রকেট পাঠানোর সক্ষমতা এখনো বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের রয়েছে।
শ্রীহরিকোটা থেকে এটি ছিল বড় রকেটের ১০৭তম উৎক্ষেপণ।
পিএসএলভির ওপর চাপ তৈরি হওয়ায় এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়ে জিএসএলভি এমকে-২-এর ওপর। ইসরোর এই রকেটটি মজা করে ‘নটি বয়’ নামে পরিচিত। ১৯টি উৎক্ষেপণের মধ্যে ছয়টি ব্যর্থ হওয়ায় রকেটটির যাত্রা ছিল বেশ চ্যালেঞ্জিং ও নাটকীয়। তবে একই সঙ্গে এই রকেট ভারতের প্রযুক্তিগত সক্ষমতা ও আত্মনির্ভরতার অন্যতম প্রতীক হয়ে উঠেছে।
তথ্যসূত্র: এনডিটিভি ও ইসরো
বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০