বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কিচক ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এতে ফিরোজা নামের এক নারী পথচারী আহত হলেও প্রতিমন্ত্রী আবদুল বারী সম্পূর্ণ অক্ষত রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী।
তার গাড়িবহর শিবগঞ্জের কিচক ব্রিজের সামনে পৌঁছালে গাড়ির সামনে ফিরোজা নামের এক নারী পথচারী চলে আসেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়।
এ ঘটনায় পথচারী ফিরোজা আহত হন। দুর্ঘটনার পরপরই প্রতিমন্ত্রী আবদুল বারী ও তার স্ত্রী অন্য একটি গাড়িতে করে গন্তব্য জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, জয়পুরহাট যাওয়ার পথে কিচক এলাকায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায়। এতে প্রতিমন্ত্রীর কোনো ক্ষতি হয়নি বা তিনি আহত হননি। তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় জয়পুরহাটে পৌঁছেছেন। তবে দুর্ঘটনার সময় সেখানে থাকা এক পথচারী আহত হয়েছেন।
বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০