মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
স্থানীয় সময় সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটে তামান লিঙ্গির একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নেগেরি সেম্বিলানের পুলিশ প্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, ঘটনাস্থল থেকে একজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তবে নিহত ও আহতদের নাম-পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ জানায়, ওই বাড়ি থেকে দুইজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে গুরুতর আহত অবস্থায় রেম্বাউ হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী লাডাং সুয়া মাঙ্গিস এলাকায় অভিযান চালিয়ে আরও দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ও অভিযুক্তরা একই বাড়িতে বসবাস করতেন এবং একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে, পারস্পরিক বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত।
ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের আবেদনসহ হাজির করা হয়েছে। মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) মামলাটি তদন্ত করছে পুলিশ।
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০